গ্রামে আমাদের সবথেকে প্রিয় জায়গাটা।

নাম: Nur Nahid
ঠিকানা: তারা বুনিয়া, চান্দেরহাট, রাজাপুর, ঝালকাঠি।
Title: গ্রামে আমাদের সবথেকে প্রিয় জায়গাটা।
বর্ণনা: গ্রামে আমাদের সবথেকে প্রিয় জায়গাটা।
গল্প: শৈশবের মাঠ, বটগাছ আর হারিয়ে যাওয়া দিনগুলো

আজ যখন এই ছবিটার দিকে তাকিয়ে থাকি, তখন মনে হয় সময় যেন হঠাৎ করেই কয়েক বছর পেছনের সেই সোনালী দিনগুলোতে ফিরে গেছে। আমাদের এই ছোট্ট গ্রামের চিরচেনা মাঠটা আজও ঠিক তেমনি আছে, কিন্তু বদলে গেছি শুধু আমরা। একসময় যে মাঠটি আমাদের পদচারণায়, কলকাকলিতে আর দিনভরের হুল্লোড়ে মুখরিত থাকত, আজ বড় হয়ে যাওয়ার ব্যস্ততায় সেখানে আর আমাদের আগের মতো পা পড়ে না।

মনে পড়ে সেই দিনগুলোর কথা? ওই বিশাল বটগাছটার নিচে বন্ধুদের সাথে হৈ-হুল্লোড় করে খেলাধুলা করা, কিংবা গাছের ডালে ঝুলে থাকা দোলনাটার জন্য আমাদের কত না কাড়াকাড়ি আর মারামারি হতো! আজ সেই দোলনাটার দিকে তাকালে অদ্ভুত এক মায়া লাগে; বহুদিনের রোদে পুড় আর বৃষ্টিতে ভিজে এর দড়িগুলো কেমন যেন নরম আর পুরোনো হয়ে গেছে, ঠিক যেন আমাদের মতো তারাও একটু একটু করে ক্লান্ত।

আর ঐ যে দূরে দাঁড়িয়ে থাকা পুরোনো, ছাদহীন ভাঙাচোরা মন্দিরটা—যেখানে কোনো দেবতা নেই, শুধু ইটের দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে—সেটাই ছিল আমাদের লুকিয়ে থাকার সবচেয়ে প্রিয় জায়গা। এই মন্দিরের কোণায় কোণায় আমরা কত না লুকোচুরি আর গোল্লাছুট খেলেছি! মনে হতো এ যেন আমাদেরই গড়া কোনো এক অদ্ভুত রাজ্য। অথচ আজ মাসের পর মাস কেটে যায়, ওই মন্দিরের আঙিনায় আর পা মাড়ানো হয় না।

এখন জীবনযাত্রার ভিড়ে বড় হয়ে গেছি। সাইকেল নিয়ে যখন কাজের সূত্রে বা অন্য কোনো প্রয়োজনে এই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করি, তখন হঠাৎ চোখ পড়ে ওই নিস্তব্ধ মাঠটার ওপর। বিকেল গড়িয়ে যখন মাগরিবের আজান পড়ে, চারপাশটা যখন কেমন যেন এক রহস্যময় আলো-আঁধারিতে ঢেকে যায়—তখন বুকটা মোচড় দিয়ে ওঠে। মাঠটা আজ একদম ফাঁকা, কোনো কোলাহল নেই, কোনো মানুষ নেই; কেবল ঘাস খায়ে যাওয়া দু'একটা গরুই যেন সেই পুরনো নীরবতার সাক্ষী।

এই মাঠ, এই বটগাছ, এই পুরোনো মন্দির আর ওই মেঠোপথ—সবকিছুর সাথে আমাদের হাজারও খুনসুটি আর শৈশবের অমূল্য স্মৃতি জড়িয়ে আছে। সময়ের স্রোতে আমরা হয়তো অনেক দূর এগিয়ে গেছি, জীবনের প্রয়োজনে শেকড় ছেড়ে দূরে ছড়িয়ে পড়েছি, কিন্তু এই নিস্তব্ধ মাঠের ধুলোবালিতে আমাদের হৃদয়ের একটা বড় অংশ চিরকালের মতো হারিয়ে রয়ে গেছে।